স্বামী থাকতে বিধবা ভাতা পাচ্ছেন দুই নারী
বগুড়ার ধুনটে স্বামী জীবিত থাকতেই দুই নারী নিয়মিত বিধবা ভাতার টাকা উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামের হারুন শেখের স্ত্রী আম্বিয়া খাতুন (২৫) ২০১৩ সালের জুলাই মাস এবং একই ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের সোনাউল্লা শেখের স্ত্রী চুম্বলি খাতুন (২৬) ২০০৫ সালের মে মাস থেকে বিধবা ভাতার টাকা তুলছেন। তাঁরা কাগজে-কলমে নিজেদের স্বামী পরিত্যক্তা দেখিয়েছেন। এরপর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বিধবা ভাতার কার্ড সংগ্রহ করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মথুরাপুর শাখা থেকে প্রতি মাসে ৩০০ টাকা তুলছেন। এ ঘটনায় একই ইউনিয়নের উলিপুর গ্রামের হাসিনা খাতুন নামের এক নারী বাদী হয়ে ওই দুই নারীর বিরুদ্ধে চলতি বছরের ২৮ অক্টোবর ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘আমার জানামতে চুম্বলি খাতুনের স্বামী নিয়মিত স্ত্রীকে ভরণপোষণ দেন। আর আম্বিয়া খাতুনের স্বামী ঢাকায় রিকশা চালান। কীভাবে কারা তদবির করে এই কার্ড তাঁদের দিয়েছেন, সেটা আমার জানা নেই।’
আম্বিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী আমারে ভরণপোষণ দেয় না। এই জন্য দুইডা যৌতুক মামলা করছি। এই বিষয়ে সমাজসেবা স্যারের কাছে একটা মামলা আছে। স্যার আমার মুখের কথা শুইনা আমারে একটা কার্ড কইরা দিছে।’ এ সময় চুম্বলি খাতুনের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক বলেন, আম্বিয়ার স্বামী থাকলেও তাঁদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি ভরণপোষণ না পেয়ে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয়। মানবিক বিবেচনায় তাঁকে কার্ড দেওয়া হয়েছে। তবে চুম্বলির বিষয়ে তাঁর জানা নেই বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেলেই তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।