স্বামী নিখোঁজ, অনিশ্চয়তায় স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২৬ জনের একজন বাবুর্চি মোখলেছুর রহমান। দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় কাঁদছেন তাঁর স্ত্রী রানী বেগম l ছবি: প্রথম আলো
বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২৬ জনের একজন বাবুর্চি মোখলেছুর রহমান। দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় কাঁদছেন তাঁর স্ত্রী রানী বেগম l ছবি: প্রথম আলো

‘তোমরা কেমন আছ? সাগরে যাইতাছি। মিরাজ-লাবণী কই? অগো লগে একটু কথা কইতে ইচ্ছা করছে।’ গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে মুঠোফোনে স্ত্রী রানী বেগমের (৩৫) সঙ্গে এমনই কথা হয় মোখলেছুর রহমানের (৪৫)। ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ায় পরদিন সকালে কথা হবে ও দুই মাস পরে বাড়ি আসছে জানিয়ে কথা শেষ করেন তিনি। স্বামীর সেই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রানী।
বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাতে জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২৬ জনের একজন মোখলেছুর। বাড়ি তাঁর পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী গ্রামে। তাঁর এক ছেলে মিরাজ সপ্তম শ্রেণিতে ও মেয়ে লাবণী তৃতীয় শ্রেণিতে পড়ে।
গতকাল সোমবার মোখলেছুরের বাড়ি গিয়ে দেখা যায়, চারদিক নিস্তব্ধতা। ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছিল। চার দিন ধরে কেঁদে চলেছেন রানী।
গত কোরবানির ঈদে বাড়ি এসেছিলেন মোখলেছুর রহমান। দুই মাস পর আবার আসার কথা। কিন্তু ট্রলারডুবিতে স্বামী নিখোঁজ হওয়ার বিষয়টি মানতে পারছেন না রানী। সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
মোখলেছুরের বাবা জয়নাল বলেন, ৩০ বছর ধরে তাঁর ছেলে মাছ ধরার ট্রলারে বাবুর্চির কাজ করছে। ছোট একটি বসতঘর ছাড়া মোখলেছুরের আর কিছু নেই। ছেলেরা সবাই আলাদা সংসার করেছে। সংসারের খরচ চালাতে মোখলেছুর ট্রলারে চাকরি নেয়। তাঁর খোঁজে অন্য তিন ভাই এখন চট্টগ্রামে।

সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে জাহাজের ধাক্কায় ডুবে যায় চিংড়ি মাছ ধরার ট্রলার ‘এফভি বন্ধন’। এতে নিখোঁজ হন ২৬ জন কর্মকর্তা-কর্মচারী। একজনের লাশ ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে নৌবাহিনী। তবে নিখোঁজ ব্যক্তিদের কাউকে উদ্ধার করা যায়নি।