নোয়াখালীর চাঞ্চল্যকর শিক্ষিকা ফারজানা নূর ওরফে সুখী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সুখীর স্বামী বায়োজিদ বোস্তামীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আসামি বোস্তামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডের পর থেকে বরিশাল হাতেম আলী ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক বায়োজিদ বোস্তামী গত চার মাস পলাতক ছিলেন। গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানান। বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানির পর আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। গত বছরের ২৪ জুন সহপাঠী বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়োজিদ বোস্তামীর সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে পারিবারিকভাবে ফারজানা নূরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকসহ বিভিন্ন দাবিতে প্রায়ই ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।