স্বামী রিমান্ডে, আগাম জামিন পেলেন শ্বশুর-শাশুড়ি

চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলায় তাঁর স্বামী হুমায়ুন সুলতানকে গতকাল রোববার তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে এই মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন শামারুখের শ্বশুর আওয়ামী লীগের সাবেক সাংসদ খান টিপু সুলতান ও শাশুড়ি জেসমিন আরা।
এই হত্যা মামলায় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হুমায়ুন সুলতানকে শুক্রবার ধানমন্ডি থানার পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। রোববার শুনানির দিন ধার্য করে সেদিন আদালত তাঁকে কারাগারে পাঠান। গতকাল সকালে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম আনোয়ার ছাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী গতকাল হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী নুরুল ইসলাম ও ফজলুল হক খান ফরিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
ধানমন্ডিতে শ্বশুরের বাসায় বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। তাঁকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে তাঁর বাবা নুরুল ইসলাম ধানমন্ডি থানায় হুমায়ুন, খান টিপু সুলতান ও জেসমিন আরাকে আসামি করে হত্যা মামলা করেন। শামারুখ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে ২০১৩ সালে এমবিবিএস পাস করে হলি ফ্যামিলি হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। জেসমিন আরা ওই কলেজের অধ্যাপক।

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন: শামারুখের মরদেহের নিরপেক্ষ ময়নাতদন্ত এবং মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের দাবিতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সামনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা কালো ব্যাজ পরে মানববন্ধন করেন। তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করেন। শিক্ষার্থীরা অধ্যাপক জেসমিন আরাকে কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে শামারুখের স্বজনেরাও অংশ নেন।
মানববন্ধনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমুল ইসলাম অভিযোগ করেন, ‘শামারুখের মতো মেধাবী চিকিৎসকেরা আত্মহত্যা করতে পারেন না, তাঁকে হত্যা করা হয়েছে। তাই আমরা এই হত্যার প্রতিবাদ জানাতে এসেছি। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁরা রাজনৈতিক ক্ষমতার অধিকারী, তাই ক্ষমতাবলে তাঁরা ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন।’
শামারুখের মামা প্রকৌশলী কাজী ফিরোজুর রহমান বলেন, ‘খান টিপু সুলতান ও তাঁর স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যা বলে অপপ্রচারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন তাঁরা ময়নাতদন্তের প্রতিবেদন তাঁদের পক্ষে নিতে প্রভাব খাটাচ্ছেন।’
এই অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ময়নাতদন্তের সঙ্গে সম্পৃক্ত ঢাকা মেডিকেল কলেজের একজন ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, ‘চাপ যদি থাকেও তবুও আমরা নিরপেক্ষ থেকে ময়নাতদন্ত করে প্রতিবেদন তৈরি করছি।’