নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুর গ্রামের গৃহবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ও শিক্ষিকা ফারজানা নূর ওরফে সুখী হত্যা মামলা স্বামী ও শ্বশুরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এনাম আহমেদ চৌধুরী নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতে ওই অভিযোগপত্র দাখিল করেন।অভিযোগপত্রভুক্ত চারজন আসামি হলেন: ফারজানার স্বামী বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়েজিদ বোস্তামি, শ্বশুর নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুলের শিক্ষক এ বি এম আহছান উল্লা খান, শাশুড়ি মাইনুর বেগম ও ননদ বদরুন নাহার। আদালতে অভিযোগপত্র দাখিলের কথা নিশ্চিত করে এসআই এনাম আহমেদ চৌধুরী গতকাল দুপুরে মুঠোফোনে জানান, অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে গৃহবধূ ফারজানা আক্তার ওরফে সুখীকে যৌতুকের জন্য মারধর করে হত্যার অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, গত বছরের ২৪ জুন সহপাঠী বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়েজিদ বোস্তামির সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে পারিবারিকভাবে ফারজানা নূরের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকসহ বিভিন্ন দাবিতে প্রায়ই ফারজানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এরই মধ্যে ফারজানা মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।গত ১৪ এপ্রিল নোয়াখালী শহরের মডার্ন হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ফারজানা একটি কন্যাসন্তান জন্ম দেন। সন্তান জন্মদানের তিন দিনের মাথায় অসুস্থ ফারজানাকে শ্বশুর-শাশুড়ি তাঁদের বেগমগঞ্জের আলীপুর গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে ২২ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় ফারজানাকে একই হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।