স্বামী-সতিন কারাগারে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে শিশুসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বামী আবদুল বারেক ও সতিন লাকি বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়। তবে তাঁদের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন জানানো হয়নি। গত শনিবার পাহাড়তলীর সরাইপাড়ার বয়রা পুকুরপাড়ের সিরাজ মিয়ার ভাড়া ঘর থেকে আবদুল বারেকের দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (২০) ও ছয় মাস বয়সী শিশু হূদয়ের লাশ উদ্ধার করা হয়। বারেক ও লাকি থানায় গিয়ে জানান, রহিমা শিশুপুত্রকে হত্যা করে আত্মহত্যা করেছেন। রহিমার ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ নামিয়ে ঘরে রাখা হয়েছে। পুলিশ ঘর থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুজনকে খুন করা হয়েছে বলে সন্দেহ হলে পুলিশ বারেক ও লাকি বেগমকে গ্রেপ্তার করে। শিশুপুত্রসহ মাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে শনিবার রাতেই মামলা করেন রহিমার বোন। মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘পারিপার্শ্বিক আলামত দেখে মনে হচ্ছে, বারেক ও লাকি এই দুজনকে হত্যা করেছেন। আমরা এখন ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদন হাতে পেলে দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করব।’ তদন্ত কর্মকর্তা বলেন, ২০-২৫ দিন আগে নতুন বাসায় উঠলেও আবদুল বারেক ও লাকি বেগম ওই বাসার ঠিকানা রহিমার স্বজনদের জানাননি। এ থেকে বোঝা যাচ্ছে, তাঁরা পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছেন।জানা গেছে, পেশায় বাসচালক আবদুল বারেক গত ১ মার্চ সিরাজ মিয়ার ঘর ভাড়া নেন। এর আগে স্বামী ও সতিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রহিমা তাঁর বোনের বাসায় চলে গিয়েছিলেন। তাঁকে আর নির্যাতন করবে না প্রতিশ্রুতি দিয়ে বারেক নতুন বাসায় আনে। এই নতুন বাসার ঠিকানা তাঁর বোন কিংবা স্বজনদের দেওয়া হয়নি।