গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্বামী-স্ত্রী খুনের দায়ে মা-ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই ঘটনায় বাবা-মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন।
খুন হওয়া স্বামী-স্ত্রী হলেন উপজেলার সুরুজ আলী ও হনুফা। মৃত্যুদণ্ড পাওয়া মা-ছেলে হলেন একই উপজেলার রহমত আলী ওরফে রমুর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও ছেলে মো. মোস্তফা (২৭)।
যাবজ্জীবন সাজা পাওয়া বাবা-মেয়ে হলেন মো. রহমত আলী ওরফে রমু (৫০) ও তাঁর মেয়ে রহিমা বেগম (২৩)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৩ নভেম্বর দুপুরে কাপাসিয়া থানার সম্মানিয়া নয়াপাড়া এলাকার মো. সুরুজ আলী নিজ বাড়ির পাশের মেহগনিবাগানে গাছের পরিচর্যা করছিলেন। সে সময় জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরস্পর যোগসাজশে দা-শাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে দণ্ডিত ব্যক্তিরা ওই বাগানে ঢুকে কাজে বাধা দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে রহমত আলী, তাঁর ছেলে মো. মোস্তফা দা দিয়ে কুপিয়ে এবং রমুর স্ত্রী আনোয়ারা বেগম শাবল দিয়ে সুরুজ আলীকে গুরুতর জখম করেন। সুরুজের স্ত্রী হনুফা স্বামীকে রক্ষার জন্য এগিয়ে গেলে দণ্ডিত ব্যক্তিরা হনুফাকেও দা ও শাবল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করেন। এতে সুরুজ আলী ঘটনাস্থলে ও হনুফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা যান। এ ঘটনায় নিহত সুরুজ আলীর ভাই মো. শাহজাহান শেখ ওই বছরের ১৪ নভেম্বর কাপাসিয়া থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর গতকাল গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রায় দেন।
সুরুজ আলী হত্যা মামলায় আনোয়ারা ও তাঁর ছেলে মোস্তফাকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রহমতকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলায় রহমতের মেয়ে রহিমা বেগমকে খালাস দেওয়া হয়।
আর হনুফা বেগমের খুনের ঘটনায় আনোয়ারা ও মোস্তফাকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রহমত ও তাঁর মেয়ে রহিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তিদের মধ্যে রহিমা পলাতক। অন্য তিন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. হারিছ আহম্মদ। আসামিপক্ষে ছিলেন ওয়াহিদুজ্জামান আকন।