ঝিলমিল আবাসিক প্রকল্প প্রায় প্রস্তুত
স্বামী-স্ত্রী-পোষ্যের প্লট বা ফ্ল্যাট থাকলে আবেদন করা যাবে না
ঢাকার কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পের জন্য শিগগিরই আবেদনপত্র নেওয়া হবে। রাজউক এ বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেবে। এখানে তিন ও পাঁচ কাঠার এক হাজার ৬৭৪টি প্লট এবং পরে একটি সেক্টরে ১০ হাজার ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।রাজধানীতে যাঁদের প্লট, বাড়ি বা ফ্ল্যাট রয়েছে, তাঁরা এ প্রকল্পে প্লট বা ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন না। স্বামী, স্ত্রী বা পোষ্যের নামে প্লট-ফ্ল্যাট থাকলেও আবেদন করা যাবে না। এবারের নীতিমালায় বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে রাজউক সূত্র জানায়।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, রাজউকের অন্য প্রকল্পে যাঁরা প্লট পেয়েছেন বা অন্যভাবে প্লট বা ফ্ল্যাটের মালিক, তাঁরা বা তাঁদের পরিবারের কেউ আবেদন করতে পারবেন না। মন্ত্রণালয় থেকে অনুমোদিত নীতিমালায় এটা চূড়ান্ত হয়েছে। এ প্রকল্পে প্লট বরাদ্দের জন্য আবেদনপত্র চেয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি হবে। ফ্ল্যাটের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে পরে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পে বরাদ্দ নীতিমালা অনুযায়ী, ২০টি শ্রেণী ও উপশ্রেণীতে প্লট বরাদ্দ দেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ, মুক্তিযোদ্ধা, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী-শিল্পপতি, বৈদেশিক মুদ্রা অর্জনকারী, সাংবাদিক (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), কৃষিবিদ, প্রকৌশলী ও স্থপতি, চিকিৎসক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও বিবিধ। এ ছাড়া ১০ শতাংশ সংরক্ষিত কোটা রাখা হবে।গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বলেন, আবেদনকারীদের যোগ্যতা প্রাথমিকভাবে নিরূপণের পর বেশির ভাগ শ্রেণী বা ক্যাটাগরিতে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হবে। খেতাবপ্রাপ্ত বা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, মন্ত্রী-সাংসদ, বিচারপতি, স্পিকার বা ডেপুটি স্পিকারের জন্য লটারি হবে না। তিনি বলেন, মন্ত্রী-সাংসদদের বেশির ভাগই রাজউকের অন্য প্রকল্পে প্লট পেয়েছেন বলে এবার এসব শ্রেণীতে আবেদনকারীর সংখ্যা কম হতে পারে।ভূমি উন্নয়নকাজ প্রায় শেষ: কেরানীগঞ্জের চুনকুটিয়া ছাড়াও শুভাঢ্যা মৌজায় ঝিলমিল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটি পোস্তগোলার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। ১৯৯০-এর দশকের শেষ দিকে এখানে জমি অধিগ্রহণ করা হয়।সম্প্রতি ঝিলমিল প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ভূমি উন্নয়নকাজ প্রায় শেষ। কেরানীগঞ্জ-মাওয়া সড়কের দুই পাশে অধিগ্রহণ করা ৪০০ একর এলাকার বেশির ভাগ অংশ এখন আর উঁচু-নিচু নয়।রাজউকের চেয়ারম্যান বলেন, এখানে প্লট বরাদ্দের জন্য ১৯৯৮ সালের দিকে আবেদনপত্র নেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কিছু প্লট দেওয়া হয়েছিল। তবে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়নি। এবার একই সঙ্গে দেওয়া হবে।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার অংশ হিসেবে কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলার মধ্যবর্তী রোহিতপুরে এ ধরনের একটি উপশহর হবে। ঝিলমিলকেও স্যাটেলাইট শহর করা যেতে পারে। যেখানে স্বয়ংসম্পূর্ণ নাগরিক-সুবিধা পাওয়া যাবে। পানি, বিদ্যুৎ, পয়োসহ সবকিছুর জন্য এখানে থাকবে আধুনিক ব্যবস্থা। এখানে আবাসিক ও বাণিজ্যিক প্লট-ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। থাকবে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, লেক, খেলার মাঠ, বিপণিবিতান। ১০ হাজার ফ্ল্যাট হবে মধ্য ও স্বল্প আয়ের নাগরিকদের জন্য।