স্বামী-স্ত্রী-মেয়েকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মধ্যপাড়ায় একটি বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও তাঁদের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত ওই বাড়ির বাসিন্দা মুল্লুক টান (৫০), তাঁর স্ত্রী নার্গিস আক্তার (৪২) ও মেয়ে মুনা আক্তার (২০) রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রের ভাষ্য, মুল্লুক সপরিবারে মধ্যপাড়ায় থাকেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ছয়-সাতজনের একটি দল তাঁর টিনশেডের বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে মুল্লুক, তাঁর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে। তাঁদের কাছ থেকে স্টিলের আলমারির চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটে নেয়। এ সময় তাঁরা চিত্কার করলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাঁদের আহত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণি শঙ্কর করের ভাষ্য, ঘটনাটি ডাকাতি নয়। স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।