স্বামী-স্ত্রীকে অপহরণ করে মোটরসাইকেল ছিনতাই
ঝালকাঠিতে সোমবার রাতে স্বামী-স্ত্রীকে অপহরণ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ছিনতাইকারীদের বাড়ি থেকে অপহূত সবুজ হাওলাদার, তাঁর স্ত্রী লাভলী বেগম এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাকিব সিকদার (২২) ও মাসুম হাওলাদার (২১)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার নলছিটি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আজিজুল হক জানান, সোমবার রাতে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার সবুজ হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী লাভলী বেগম (২৮) ও চাচা মো. জিয়াকে (৫০) নিয়ে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জ উপজেলায় তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। নলছিটির দপদপিয়া ফেরিঘাট থেকে ওঠার পর একদল ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাঁদের ধাওয়া করে। বাকেরগঞ্জের বোয়ালিয়া সেতুর ওপর ওঠামাত্র ছিনতাইকারীরা তাঁদের মোটরসাইকেল থামিয়ে নগদ চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা জিয়াকে মারধর করে রাস্তায় ফেলে রাখে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা সবুজ হাওলাদার ও তাঁর স্ত্রী লাভলী বেগমকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে দপদপিয়ার বকুলতলা মাসুম হাওলাদার নামের অপর এক সহযোগীর বাড়িতে নিয়ে আটকে রাখে। ওই বাড়িতে লাভলী বেগমের শ্লীলতাহানীর চেষ্টা চালায় ছিনতাইকারীরা। এতে ব্যর্থ হলে ছিনতাইকারীরা তাঁদের মারধর করে। এ সময় তাঁদের ডাক-চিত্কার শুনে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ওই রাতেই অপহূতদের ও মোটরসাইকেলটি উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় সবুজ হাওলাদার বাদী হয়ে গতকাল মঙ্গলবার চারজনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা করেন।