স্বামী-স্ত্রীসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভুরুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার স্বামী-স্ত্রীসহ তিনজনের রিমান্ড গতকাল বুধবার মঞ্জুর করেছেন আদালত। গৃহকর্ত্রী মণি বেগমকে (৩২) চার দিন, স্বামী ওমর ফারুক (৪০) এবং তাঁর ভায়রা মোস্তফা সরদারের (৫৫) এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আবদুল হাই।
এর আগে তাঁদের গ্রেপ্তার করে গত শনিবার সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে পাঠানো হয়। পরে রিমান্ড শুনানির ধার্যদিনে গতকাল দুপুরে আদালত এ আদেশ দেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ভুরুলিয়া এলাকায় ওমর ফারুকের বাড়িতে জান্নাতুল ফেরদৌসী (৭) নামের একটি শিশু গৃহকর্মীর কাজ করত। ঈদের আগে বাড়িতে যেতে চাওয়ায় তাকে অমানবিক নির্যাতন করা হয়। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় তাদের প্রতিবেশী চাঁদপুরের জিঙ্গুনিয়া এলাকার ফয়েজ বক্স ভূঁইয়ার ছেলে শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। মামলায় ওমর ফারুক, মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করা হয়। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে। এর আগে চাঁদপুরের পুলিশ তাঁর ভায়রা ভাই মোস্তফা সরদারকে আটক করে জয়দেবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। ওই দিন মণি বেগম পালিয়ে গিয়েছিলেন। শুক্রবার রাতে ঢাকার বাড্ডা এলাকায় তাঁদের এক আত্মীয়র বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার সকালে সাত দিনের রিমান্ড আবেদন করে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মঙ্গলবার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।