স্বামী-স্ত্রীসহ নিহত ৩
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত বুধবার যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। একই দিন নওগাঁর রানীনগর উপজেলায় ভটভটি (সেচযন্ত্রচালিত যান) ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শিবগঞ্জের দেউলী আলিম মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফা (৬২) তাঁর স্ত্রীকে নিয়ে মোকামতলা বাজার এলাকায় অসুস্থ নাতিকে দেখতে যান। পরে স্ত্রী জোবেদা বেগমকে (৫৪) নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বিহারপুর নামক জায়গায় মোটরসাইকেলটিকে রংপুরগামী একটি বাস ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
এদিকে রানীনগরে নিহত নারীর নাম রওশন আরা (৬০)। স্থানীয় সূত্রে গেছে, বুধবার সকালে রানীনগর-আবাদপুকুর সড়কের সিংগারপাড়া মোড় নামক জায়গায় রানীনগর থেকে আসা একটি ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ভটভটির যাত্রী উপজেলার আমগ্রাম গ্রামের মৃত মাসুম সরদারের স্ত্রী রওশন আরা, তাঁর বড় ছেলে ফারুক হোসেন এবং মাহফুজা বেগম, আবদুল মান্নান, মোতাহার হোসেন আহত হন। এ সময় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রওশনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।