জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী উল্লাসিনী দাশ। জবানবন্দিতে তিনি একাত্তরে তাঁর স্বামী মহাদেব চন্দ্র দাশ হত্যাকাণ্ডের বিবরণ দেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রাষ্ট্রপক্ষের সাক্ষী উল্লাসিনী দাশ (৭০) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার শাঁখারীকাঠি গ্রামে। মুক্তিযুদ্ধকালে শ্রাবণ মাসের এক দিন রাজাকাররা হিন্দু সম্প্রদায়ের লোকজনকে গ্রামের সনাতন ডাক্তারের বাড়িতে হাজির হয়ে মুসলমান হতে বলে। গ্রামের ২০০-৩০০ হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে তিনিও স্বামী ও ছেলেমেয়েদের নিয়ে সনাতন ডাক্তারের বাড়িতে হাজির হন। সেখানে উপস্থিত হিন্দুদের ধর্মান্তরিত করা হয়। ওই সময় উপস্থিত লোকজনের কাছে তিনি শুনতে পান, ‘রাজাকারের মেজর ইউসুফ’ দু-এক মাস পর তাঁদের এলাকায় আসবেন, তখন নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা থাকবে না।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধকালে ১৮ কার্তিক শাঁখারীকাঠিতে হাটের দিন ছিল। ওই দিন রাজাকাররা হাটের তিন দিকে ঘেরাও করে নির্বিচারে গুলি করা শুরু করলে লোকজন প্রাণের ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। ওই হাটে তাঁর স্বামী, শ্বশুর ও দেবর ছিলেন। পরে দেবর ও শ্বশুর ফিরে এলেও স্বামী ফিরে না আসায় তিনি খোঁজখবর নিতে হাটে যান। সেখানে গিয়ে তিনি এদিক-সেদিক বিক্ষিপ্তভাবে লাশ পড়ে থাকতে দেখেন। খোঁজাখুঁজির একপর্যায়ে খালের অপর পাড়ে তিনি স্বামীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখেন। এ সময় শ্বশুর ও দেবর সেখানে উপস্থিত হলে সবাই মিলে ধরাধরি করে স্বামীকে তুলে বাড়ির দিকে রওনা দেন, কিন্তু পথেই স্বামীর মৃত্যু হয়। স্বামীর সৎকারের ব্যবস্থা করতে না পেরে রাতে স্বামীর লাশ বিষখালী নদীতে একটি নৌকায় করে ভাসিয়ে দেওয়া হয়। ওই সময় লোকজন বলাবলি করছিল, ‘ইউসুফ দেশটাকে ছারখার করে দিল।’
উল্লাসিনী দাশের জবানবন্দি শেষ হলে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। উল্লাসিনী দাশের জেরা শেষে এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।