স্বামী হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন
স্বামীকে অ্যাসিড ছুড়ে হত্যাচেষ্টার মামলায় স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ গতকাল সোমবার এই রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লালন উদ্দিনের স্ত্রী দিনা খাতুন, ওমর ফারুক ও তাঁর সহযোগী পালন ঘোষ। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী আবদুস সালাম বলেন, ২০০৯ সালের ৩ জুলাই দিবাগত রাত ১২টার দিকে নগরের রাজপাড়া থানার সায়েরগাছা এলাকার লালন উদ্দিন তাঁর নিজ ঘরে ঘুমিয়েছিলেন। এ সময় তাঁর দ্বিতীয় স্ত্রী দিনা খাতুন দুই সহযোগী নিয়ে তাঁর ওপর অ্যাসিড ছুড়ে হত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সুস্থ হওয়ার পর লালন বাদী হয়ে ২০১০ সালের ১৪ ডিসেম্বর স্ত্রী দিনাসহ তিনজনকে আসামি করে নগরের রাজপাড়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।