স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বাকেরগঞ্জে ইমরান হাওলাদার (২৩) নামের এক ব্যক্তিকে ওড়না দিয়ে পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী তুলি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এটা পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। নিহত ব্যক্তির গলায় ফাঁসের দাগ রয়েছে। এ ঘটনায় নিহত ইমরানের বাবা সেলিম হাওলাদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় তুলি বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যাকাণ্ডে আর কারও সম্পৃক্ততা আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুলি বেগম হত্যার দায় স্বীকার করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, তুলি বেগম একই উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের আমির হোসেন মোল্লার মেয়ে। তিনি এ বছর এসএসসি পাস করেছেন। সম্পর্কের সূত্র ধরে বছরখানেক আগে পরিবারের অমতে ইমরানকে বিয়ে করেন তুলি। সম্প্রতি তিনি স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। ওই প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যা করেন তুলি।
প্রতিবেশী ফরিদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. শহীদুল ইসলাম বলেন, এক বছর আগে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ইমরানের সঙ্গে বিয়ে হয় তুলি বেগমের। প্রেমের সূত্র ধরেই তাঁরা বিয়ে করেন। গত মঙ্গলবার দিবাগত রাতে অচেতন করে পা বেঁধে এবং গলায় ফাঁস দিয়ে স্বামীকে হত্যা করেন তুলি বেগম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় তুলিকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সামনে হত্যার কথা স্বীকার করেছেন তুলি। পারিবারিক কলহের জেরে এবং প্রেমের সম্পর্কের কারণেই হত্যা করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় ওড়না দিয়ে ইমরানের পা বেঁধে ফেলেন তুলি। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।