বগুড়ার শেরপুরের মোখলেছার রহমানের (৫০) হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী মোছা. মোসলেমা বেগম (৪০)। গত মঙ্গলবার বিকেলে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আফাজ উদ্দিনের আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন।এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আরেক আসামি আবদুর রাজ্জাক (৩৫) পুলিশের কাছে স্বীকার করেছেন, মোসলেমার কথামতো টাকার বিনিময়ে চলন্ত মোটরসাইকেলের ওপর মোখলেছারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।পুলিশ এ ঘটনায় মোসলেমাকে ৫ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কঁচুয়াপাড়া গ্রামের নিজের বাড়ি থেকে ও আবদুর রাজ্জাককে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, রাজ্জাকের সঙ্গে মোসলেমার প্রেমের সম্পর্ক রয়েছে। পথের কাঁটা দূর করতে মোখলেছারকে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে ধুনটের আরও দুজন জড়িত ছিল। স্বীকারোক্তিতে ওই দুজনের নাম এসেছে। মোসলেমা এ ঘটনায় অনুতপ্ত হয়ে ক্ষমা চান।আবদুর রাজ্জাককে আদালত থেকে মঙ্গলবার ও গতকাল বুধবার দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। তিনি স্বীকার করেন, ৩০ জানুয়ারি সন্ধ্যার পর মোখলেছারকে শেরপুর শহরের সাউদিয়া হোটেলের সামনে থেকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। মোসলেমার কথামতো ও তাঁর দেওয়া ৩২ হাজার টাকায় লোক ভাড়া করে মোখলেছারকে হত্যা করা হয়। পরে ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে একটি ভুট্টা খেতের মধ্যে লাশ ফেলে রাখা হয়। এরপর মোসলেমাকে তা নিশ্চিত করেন তাঁরা।রাজ্জাক জানান, মোসলেমার বড় মেয়ে মুন্না আক্তারের বিয়ে হয় ধুনটের বেড়েরবাড়ী গ্রামে। সে সম্পর্কে তিনি মোসলেমার পাড়া-প্রতিবেশী বেয়াই হন।পুলিশের নজরে এলেন মোসলেমা : পারিবারিক সূত্রমতে, মোখলেছার রহমান নিখোঁজ হওয়ার পর স্ত্রী মোসলেমাকে চিন্তিত দেখা যায়নি। পুলিশের ভাষ্যমতে, লাশ শনাক্ত হওয়ার পরও তিনি ছিলেন স্বাভাবিক। স্বামী হারানোর বেদনা বা কোনো শোকের ছায়া তাঁর মধ্যে ছিল না। এমনকি তিনি স্বামী হত্যার বিচারের দাবিও করেননি পুলিশের কাছে। এসব ঘটনার আলোকে পুলিশি অনুসন্ধানে বের হয়ে আসে তাঁর সঙ্গে আবদুর রাজ্জাকের গোপন যোগযোগের কথা। তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বামী হত্যার পরিকল্পনার কথা বেরিয়ে আসে।জিডি করতে গিয়ে লাশের সন্ধান: ৩১ জানুয়ারি উপজেলার চরকল্যাণী গ্রামের সাহেববাড়ী ঘাট এলাকার এক ভুট্টা খেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ৪ ফেব্রুয়ারি বিকেলে ভাতিজা মামুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসে পরনের কাপড়-চোপড় দেখে শনাক্ত করে চাচা মোখলেছার রহমানের লাশ।