স্বামী হত্যার দায় স্বীকার করে স্ত্রীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহ পরান থানা এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় এক পাথর ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে গতকাল মঙ্গলবার মহানগর হাকিম আদালতে ব্যবসায়ীর স্ত্রী জবানবন্দি দিয়েছেন।
এ ঘটনায় নিহত ব্যবসায়ীর ভাই জমির হোসেন বাদী হয়ে পারভীনকে আসামি করে গতকাল মামলা করেন। বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পারভীনকে আদালতে হাজির করা হয়।
নিহত ওই ব্যবসায়ী হলেন আলী হোসেন (২৮)। তিনি ও তাঁর স্ত্রী পারভীন আক্তার (২৭) শাহ পরান থানা এলাকার পীরেরবাজার শাহ সুন্দর মাজার-সংলগ্ন মোকামেরগুল এলাকার বাসিন্দা ছিলেন।
নিহত আলীর ছোট ভাই জমির হোসেন বলেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সোমবার মুঠোফোনে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে জানান। এ খবরে তিনি ওই দিনই শাহ পরান থানায় ভাই নিখোঁজ রয়েছেন উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর সোমবার বিকেলে পারভীনকে পুলিশ আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন খুনের ঘটনা স্বীকার করেন। পরে পুলিশ তাঁর বর্ণনা অনুযায়ী আলীর বাড়ির পাশের টিলা ও জঙ্গল থেকে লাশ উদ্ধার করে।
আদালত সূত্রে জানা যায়, পারভীন অাদালতে ১৬৪ ধারায় দেওয়া তাঁর জবানবন্দিতে বলেছেন, আলী প্রায়ই তাঁকে নির্যাতন করতেন। অনেক সময় বাড়ির বাইরে থাকতেন। সে সময় তাঁর খোঁজখবর নিতেন না। প্রায় এক মাস পর তিনি জাফলং থেকে বাসায় আসেন। ৩ নভেম্বর রাতে বাসায় আসার পর তাঁর স্বামী প্রায় সারা রাত জেগে ছিলেন। একপর্যায়ে ফজরের নামাজের পর আলী ঘুমিয়ে পড়েন। এ সময় তিনি রামদা দিয়ে স্বামীর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আলী হোসেনের গ্রামের বাড়ি গোয়াইনঘাট উপজেলার রহমতপুর গ্রামে। তিন বছর আগে সদর উপজেলার শাহ পরান দাসপাড়া এলাকার পারভীনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এটি ছিল আলীর তৃতীয় বিয়ে। বিয়ের পর থেকে আলী স্ত্রীকে নিয়ে মোকামেরগুল এলাকায় ভাড়া বাসায় বাস করছিলেন। গতকাল আদালতের মাধ্যমে পারভীনকে কারাগারে পাঠানো হয়েছে।