স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে স্বামীকে কুপিয়ে হত্যা করার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন মাগুরার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের চাঁদ সুলতানা (৪০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চাঁদ সুলতানা তাঁর স্বামী নজরুল ইসলামের সঙ্গে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ভাড়া থাকতেন। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে চাঁদ সুলতানা স্বামী নজরুলকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন পুলিশ ঘর থেকে নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ও চাঁদ সুলতানাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁদ সুলতানার বিরুদ্ধে নিহত ব্যক্তির ভাগিনা ইদ্রিস মিয়া জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ ২০১০ সালের ৩১ জুলাই আদালতে চাঁদ সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
আদালতের পরিদর্শক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে গাজীপুরের জেলহাজতে পাঠনো হয়েছে।