স্বামী হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারামারি নয়, রাজধানীর তুরাগের বালু ব্যবসায়ী মনির হোসেনকে গলা কেটে হত্যার পর তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার কয়েক দিন পর গতকাল শুক্রবার পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেছেন।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, নিহত মনিরের শিশুসন্তান এ ঘটনার প্রত্যক্ষদর্শী। তার সঙ্গে কথা বলে এবং ঘটনার আগের দাম্পত্য কলহ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে পুলিশ ইয়াসমিনকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে। শ্বাসনালি কাটা অবস্থায় স্ত্রীকে আঘাত করা মনিরের পক্ষে সম্ভব ছিল না।
নিশারুল আরিফ বলেন, ইয়াসমিনের গলার আঘাত গুরুতর নয়। বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে তিনি সুস্থ হয়ে উঠছেন। পুরোপুরি সুস্থ হলে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হবে।
১৭ মার্চ তুরাগ থানার পূর্ব নলভোগে দাম্পত্য কলহের জের ধরে নিজ ফ্ল্যাটে খুন হন বালু ব্যবসায়ী মনির হোসেন। ঘটনার পরে পুলিশ বলেছিল, স্বামী-স্ত্রী ছুরি নিয়ে মারামারি করার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় করা মামলার বাদী মনিরের বাবা মো. নুরু মিয়া অভিযোগ করেন, হাসপাতালে ইয়াসমিনের ওপর পুলিশের কোনো নজরদারি নেই। এ অবস্থায় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যেতে পারেন।
নুরু মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ছেলেকে হত্যা করে ইয়াসমিন নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
মনিরের পরিবার বলেছে, ঘটনার পর তাঁর মা-বাবা শোকাহত ছিলেন। এ অবস্থায় পুলিশ এজাহার তৈরি করে এতে মনিরের বাবা নুরু মিয়ার স্বাক্ষর নিয়েছে। এজাহারের লেখা পড়েও তাঁকে শোনায়নি।
উপকমিশনার নিশারুল আরিফ বলেন, নিহত মনিরের পরিবারের অভিযোগ ঠিক নয়। এজাহারভুক্ত একমাত্র আসামি ইয়াসমিনকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। তাঁর পার পাওয়ার কোনো সুযোগ নেই।
মনির ও ইয়াসমিনের প্রতিবেশীরা বলেন, আট বছর আগে মনির ও ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের কলহ লেগে ছিল। একাধিকবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের ডেকে সালিসও হয়েছে।