বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদর ইউনিয়নের নিহত চেয়ারম্যান খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার লড়ছেন হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি শেখ হারুন অর রশিদের বিরুদ্ধে। কাল শনিবার ওই ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ মে খান জাহিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়।নির্বাচনে ছয়জন প্রার্থী থাকলেও শিরিনা আক্তার ও হারুন অর রশিদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খান জাহিদ হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন হারুন অর রশিদ। জাহিদ হাসান হত্যার পর হারুন অর রশিদকে যুবলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এদিকে হারুন অর রশিদসহ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, সরকারদলীয় প্রভাব খাটিয়ে প্রশাসনের কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছেন শিরিনা আক্তার। শিরিনা আক্তার পাল্টা অভিযোগ করে বলেন, তাঁর স্বামী হত্যা মামলার অন্যতম আসামি হারুন অর রশিদের কর্মীদের কারণে তাঁর জীবন এখন হুমকির মুখে। গত মঙ্গলবার রাতে তারা ইউনিয়নের জুটাতলা এলাকায় তাঁর ওপর হামলার চেষ্টা করেছে।জাহিদ হত্যা মামলার আসামি হারুন উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। তবে তিনি প্রকাশ্যে এলাকায় যেতে পারছেন না। হারুন অর রশিদ গত বুধবার বিকেলে অভিযোগ করেন, বাগেরহাটের পুলিশ সুপার ও ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁকে এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে নিষেধ করেছেন। নির্বাচনে শিরিন ও হারুন ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক মো. মোফাজ্জেল হায়দার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মুশফিকুজ্জামান রিপন ও নিহত চেয়ারম্যানের ছোট ভাই খান হাসানুল আলম।শিরিনা আক্তার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করে বলেন, নির্বাচনের দিন বাড়তি সতর্কতা গ্রহণ না করা হলে তাঁর ওপর হামলা হতে পারে। শিরিনা আক্তার বলেন, ‘আমার স্বামী এলাকার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন, কয়েক বার নির্বাচিত হয়েছেন। তাঁর হত্যার সুবিচার পেতে এলাকাবাসীর ইচ্ছায় আমি নির্বাচনে অংশ নিয়েছি।’তবে পুলিশের বিরুদ্ধে শিরিনা আক্তারের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেছেন প্রার্থী হারুন অর রশিদ, মো. মোফাজ্জেল হায়দার ও মুশফিকুজ্জামান। এদিকে পুলিশের বিরুদ্ধে হারুন অর রশিদসহ অপর প্রার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লাও পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সবার জন্য সমান সুবিধা দেওয়ার চেষ্টা করছি। প্রার্থী শিরিনা আক্তার যে হত্যা মামলার বাদী, হারুন অর রশিদ সেই মামলার প্রধান আসামি। ফলে এ দুই প্রার্থী আমাদের কাছে স্পর্শকাতর।