স্বামী হত্যার মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর অভিযোগ
স্বামী হত্যার মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তাসমিন খাদিজা নামের এক নারী। তাঁর অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় স্বামী নিহত হওয়ার পর তাঁর ভাশুর গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করেন। রাজি না হওয়ায় ভাশুরের সহযোগিতায় গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে স্বামীর খুনের সঙ্গে জড়িত—এমন স্বীকারোক্তি দিতে গোয়েন্দা পুলিশ তাঁকে শারীরিক ও মানসিকভাবে চাপ দেয়।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাসমিন খাদিজা এসব অভিযোগ করেন। তাসমিন খাদিজার স্বামী ওবাইদুল হক গত বছরের ২৬ জুন ঢাকার কলাবাগান এলাকায় খুন হন। ওবাইদুল হক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের ভাগনে।
সংবাদ সম্মেলনে তাসমিন অভিযোগ করেন, ঘটনার মূল আসামি রুবেলকে গ্রেপ্তার না করে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে। দুই মাস কারাগারে থাকার পর তিনি জামিনে ছাড়া পেয়েছেন। বর্তমানে তাঁর সন্তানের বয়স দেড় মাস। কিন্তু ভাশুর তাঁর স্বামীর সব ব্যাংক হিসাব, এফডিআর, স্বর্ণালংকার নিয়ে গেছেন।
অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ওবাইদুল হকের বড় ভাই শেখ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘ভাই হত্যার মামলায় আমরা কারও নাম দিইনি। পুলিশ তদন্ত করে সোনিয়ার (তাসমিন) সম্পৃক্ততা পেয়েছে। সে যে অন্তঃসত্ত্বা ছিল, সেটিও আমরা জেনেছি ওকে পুলিশ আটক করার পর। সোনিয়াই আমার ভাইকে খুন করেছে। এখন বাঁচার জন্য আমাদের জড়িয়ে মিথ্যে কথা বলছে।’