স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আবদুস সালামকে হত্যার দায়ে তাঁর স্ত্রী শাহীনা আক্তারকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ রায় দেন।
কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
পিপির কার্যালয়ের তথ্যসেবা কেন্দ্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাতে খুন হন আবদুস সালাম। পরের দিন নিহত ব্যক্তির মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ওই ঘটনার সঙ্গে নিহত ব্যক্তির স্ত্রী শাহীনা আক্তার ও মাসুদ আলম নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পান। তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই মাসুদ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেন। পরে ২০০৭ সালের ২৪ জানুয়ারি শাহীনা আক্তারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি শাহীনা আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আবদুল আজিজ ভূঞার মেয়ে। তিনি পলাতক আছেন।