স্বামী হেফাজত না পেয়ে মুকুলের বান্ধবী কারাগারে
স্ত্রীকে নির্যাতনের মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের বান্ধবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই বান্ধবীর স্বামী তাঁকে হেফাজতে নিতে রাজি না হওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, জামিনের শুনানিতে মুকুলের বান্ধবী আদালতকে বলেন রকিবুল ইসলাম মুকুলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। ফটোশপ করে তাঁর ও রকিবুল ইসলাম মুকুলের ছবি ফেসবুকে দেওয়া হয়েছে।
আসামির আইনজীবী তাপস কুমার দাশ প্রথম আলোকে জানান, আইনজীবীকে বিচারক বলেন স্বামী আদালতে এসে জিম্মায় নিলেই আসামির জামিন হতে পারে। এরপর আসামির স্বামীকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালতে এলেও আসামিকে নিজের হেফাজত নিতে অসম্মতি জানান তাঁর স্বামী। এরপর আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্ত্রীর করা নির্যাতন মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম ওরফে মুকুল কারাগারে আছেন। এ মামলার বাদী নাজনীন আখতার দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। গত বৃহস্পতিবার নাজনীন তাঁর স্বামী রকিবুল ও রকিবুলের বান্ধবীর বিরুদ্ধে মামলা করেন।
জানতে চাইলে নাজনীন আখতার বলেন, ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে তিনি পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তাঁরা দুজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে রকিবুল ওই বান্ধবীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে কথা বললে স্বামী রকিবুল বিভিন্ন সময়ে নাজনীনকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করেন। একবার রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা বাসা থেকে নাজনীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর কিছুদিন পর তাঁর দ্বিতীয় কন্যার জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের পর থেকে কখনোই খোঁজ নিতেন না মুকুল। এর মধ্যে নাজনীন জানতে পারেন, তাঁর স্বামী ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলার সময়ও রকিবুল তাঁকে কয়েকবার নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন নাজনীন।
নাজনীন অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রকিবুল তাঁর কাছ থেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ পূর্বাচলে বরাদ্দ পাওয়া একটি প্লটের কিস্তির জন্য তিনি তাঁর নিজের ও এক আত্মীয়ের কাছ থেকে এনে ১৪ লাখ টাকা দেন রকিবুলকে। কিন্তু রকিবুল ওই প্লটটি নিজের নামে লিখে নেন এবং সম্প্রতি সেটি বিক্রিও করে দেন। এত দিন মামলা না করার বিষয়ে নাজনীন বলেন, সবার পরামর্শে ও ভবিষ্যতের কথা ভেবে তিনি এত দিন মামলা করেননি। এখন বাধ্য হয়েই মামলা করলেন।