স্বামীকে আর দেখা হলো না রত্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক স্বামীকে দেখতে দুই সন্তানসহ রিকশাযোগে যাচ্ছিলেন রত্না আকতার (৩০)। কিন্তু তাঁর আর স্বামীকে দেখা হলো না। পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিভে গেছে তাঁর জীবনপ্রদীপ। আহত হয়েছে তাঁর দুই সন্তানসহ তিনজন।গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রত্নার আহত দুই সন্তান হলো খন্দকার আসকার রিফাত (১৪) ও আতিকা সুলতানা (৬)। আহত অপরজন শহীদুল্লাহ (৩৫) রিকশাচালক বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁও রেলক্রসিংয়ে রেললাইনের ওপর একটি ব্যক্তিগত গাড়ি, একটি সিএনজিচালিত অটোরিকশা এবং রত্নাদের রিকশাসহ তিনটি রিকশা উঠে পড়ে। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই গাড়ি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে রিকশাগুলোর ওপর পড়ে। এ সময় রিকশাগুলোকে ধাক্কা দেয় ট্রেনটি। ঘটনাস্থলে নিহত হন রত্না। পুলিশ রত্নার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় এবং আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠায়।ওই রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ট্রেনটি আসার আগেই সংকেত দিয়ে দুই পাশে প্রতিবন্ধক ফেলা হয়েছিল। কিন্তু প্রতিবন্ধকের পাশের ফাঁকা জায়গা দিয়ে কয়েকটি যানবাহন রেললাইন পার হওয়ার চেষ্টা করেছিল।রত্নার স্বামী রিপন খন্দকার ও দুই সন্তান নিয়ে খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় থাকতেন। রিপনের ভগ্নিপতি আবদুল লতিফ জানান, রিপন বনানীর একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক। ১৮ দলীয় জোটের অবরোধের পরদিন ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। স্বামীকে দেখতে রত্না সন্তানদের নিয়ে কারাগারে যাচ্ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আতিকার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া শহীদুল্লাহ কথা বলতে পারছেন না। রিফাতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ভুল পথ দিয়ে রেললাইন পার হওয়া চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণ আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।