স্বামীকে উদ্ধারে এসপির কাছে নাছির কমান্ডারের স্ত্রীর আবেদন
নোয়াখালীর উপকূলীয় এলাকার জলদস্যু সর্দার মো. নাছির ওরফে নাছির কমান্ডার ওরফে নাছির কেরানির (৩৪) স্ত্রী জীবনা খাতুন তাঁর স্বামীকে উদ্ধারের অনুরোধ জানিয়ে গত মঙ্গলবার নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন।এসপি হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, ‘নাছিরের স্ত্রী অভিযোগ করেছেন, র্যাব-৭-এর সদস্যরা তাঁর স্বামীকে অপহরণ করে নিয়ে গেছেন। তিনি তাঁর স্বামীকে উদ্ধারে আমাদের সহায়তা চেয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’র্যাব-৭ নাছিরকে খাগড়াছড়ি থেকে ধরে নিয়ে গেছে বলে নাছিরের স্ত্রী জীবনা খাতুন দাবি করলেও গত মঙ্গলবারও বিষয়টি অস্বীকার করেছে র্যাব। র্যাব-৭-এর মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুল হুদা বলেন, র্যাব ওই এলাকায় এ ধরনের কোনো অভিযান চালায়নি। খাগড়াছড়িতে র্যাবের কোনো ক্যাম্প নেই বলেও তিনি জানান।জীবনা খাতুন জানান, চার দিন পেরিয়ে গেলেও তাঁর স্বামীকে র্যাব সদস্যরা আদালতে সোপর্দ না করায় তিনি বাধ্য হয়ে এসপির সহায়তা চেয়েছেন। অন্তত স্বামীর লাশটি হলেও যেন ফিরে পান—সে ব্যবস্থা নিতে এসপির কাছে অনুরোধ জানান তিনি।গত রোববার জীবনা খাতুন বলেছিলেন, শনিবার সকালে তিনি, তাঁর স্বামী নাছির এবং রামগড়ের অপর দুই সঙ্গী খোরশেদ আলম ওরফে লিটন ও খোকনসহ সিএনজিচালিত অটোরিকশায় করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার দিয়ে যাচ্ছিলেন। পথে র্যাবের একটি গাড়ি তাঁদের অটোরিকশার গতিরোধ করে তাঁর স্বামী ও সঙ্গে থাকা অন্য দুজনকে আটক করে নিয়ে যায়।খোরশেদ আলমের বড় ভাই সামছুল আলম রোববার মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। এ সম্পর্কে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউছুফ প্রথম আলোকে বলেন, তাঁরা আসল ঘটনা জানার চেষ্টা করছেন। কিন্তু এখনো কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি।