দ্বিতীয় বিয়ে করায় রাজধানীর কল্যাণপুরে মুরগি ব্যবসায়ী সালাউদ্দিন মালকে কুপিয়ে খুন করার কথা স্বীকার করেছেন তাঁর প্রথম স্ত্রী লাবণী আক্তার। রিমান্ডে মিরপুর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন। দুই দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
এদিকে লাবণীর সঙ্গে তাঁর ছয় ও তিন বছরের দুই কন্যাশিশুকে কারাগারে পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, শিশুদের নেওয়ার মতো কোনো স্বজন না থাকায় মায়ের সঙ্গে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মামলার বাদী ও নিহত সালাউদ্দিনের ভগ্নিপতি নাজমুল হোসেন অভিযোগ করেন, নিহত সালাউদ্দিনের দুই শিশু তো আর আসামি নয়। আসামির মতো তাদের থানা হেফাজতে রাখা হলো। থানা থেকে তাঁর জিম্মায় নেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু তাঁকে বলা হয়, আদালতে আবেদন করে নিতে হবে। গতকাল দুপুর ১২টায় ফোন করলে তদন্ত কর্মকর্তা তাঁকে আশ্বস্ত করেছিলেন, শিশু দুটি থানাতেই আছে।
বুধবার রাতে মিরপুর থানার পুলিশ কল্যাণপুরের ভাড়া বাসার ওয়ার্ডরোব থেকে মুরগি ব্যবসায়ী সালাউদ্দিনের লাশ উদ্ধার করে এবং তাঁর প্রথম স্ত্রী লাবণী আক্তারকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদে লাবণী জানিয়েছেন, দেড় বছর আগে তাঁকে না জানিয়ে সালাউদ্দিন গোপনে আরেক নারীকে বিয়ে করেন।