ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত মানববন্ধন করা হয়েছে। বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আলেমাতুন শাহী হত্যার বিচার ও তাঁর অভিযুক্ত স্বামী সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিদ্যালয়টির শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ নাগরিক ফোরামের আহ্বায়ক মুকিতুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, আলেমাতুনের মা নুরুন নাহার বেগম, চাচাতো ভাই রিপন মিয়া প্রমুখ। মানববন্ধনে নিহত স্কুলশিক্ষকের মেয়ে সুচি খাতুন ও ছেলে আল এহসান উপস্থিত ছিল।
বক্তারা বলেন, আলেমাতুন হত্যা মামলার অন্যতম আসামি শাহজাহান আলী সাবেক পুলিশ উপপরিদর্শক। এ ছাড়া শাহজাহানের আত্মীয় জাহাঙ্গীর আলম বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। জাহাঙ্গীর আলমের প্রভাবে মামলার কোনো অগ্রগতি হচ্ছে না। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহাঙ্গীর আলমকে গোবিন্দগঞ্জ থানা থেকে প্রত্যাহার করতে হবে। বক্তারা হত্যা মামলার প্রধান আসামি শাহজাহানকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবি জানান।
স্কুলশিক্ষকের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ আলম অভিযোগ করেন, ‘দ্বিতীয় বিয়ে করার পর শাহজাহান প্রায়ই আমার মেয়েকে মারধর করত। সে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বরং আসামিদের গ্রেপ্তারে টালবাহানা করছে।’
জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার গতকাল বিকেল সাড়ে চারটায় মুঠোফোনে বলেন, আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। উপপরিদর্শক জাহাঙ্গীর আলম অভিযুক্ত শাহজাহানের কোনো আত্মীয় নন। তাঁর প্রভাবে মামলার অগ্রগতি হচ্ছে না—এই অভিযোগটিও সঠিক নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহজাহান পলাতক রয়েছেন। গতকাল তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালিয়া গ্রামের শাহ আলমের মেয়ে আলেমাতুন শাহী। ১৫ বছর আগে তাঁর সঙ্গে একই উপজেলার চানপাড়া গ্রামের মৃত জোব্বার মিয়ার ছেলে অবসর নেওয়া পুলিশের উপপরিদর্শক শাহজাহান আলীর বিয়ে হয়। আলেমাতুনের দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে শাহজাহান দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে আলেমাতুন বাবার বাড়ি বোয়ালিয়া গ্রামে থাকেন।
গত ২৫ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেমাতুন শাহীকে (৩৮) হত্যা করেন তাঁর স্বামী শাহজাহান। এ ঘটনায় স্কুলশিক্ষকের মা নুরুন নাহার বাদী হয়ে শাহজাহান আলীসহ চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ নিয়ে ২৭ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষক হত্যার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।