নওগাঁর পত্নীতলা উপজেলায় কলেজ-ছাত্রী শামীমা আক্তারকে এসিড মেরে ঝলসে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। প্রথম আলোর নওগাঁ বন্ধুসভার সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে উপজেলা শহরে মানববন্ধন করে এ দাবি জানান।সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পত্নীতলা উপজেলা শহরের মুক্তির কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন হয়। এতে বন্ধুসভার সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত পথসভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী কায়েস উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নওগাঁ জেলা শাখার সভাপতি জয়ন্ত কুমার বর্মণ ও নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা জুলহাস-উর রশিদ অপু বক্তব্য দেন। বক্তারা শামীমা আক্তারের এসিডদগ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর দাহ্য পদার্থসহ এসিড কেনাবেচার ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। এই অপরাধ বন্ধের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এসিড কেনাবেচার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। একই সঙ্গে শামীমার স্বামী শহিদুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।পত্নীতলা উপজেলার চকদুর্গা আইয়াম গ্রামের মোকছেদুল ইসলামের মেয়ে ও নজিপুর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শামীমা আক্তার গত রোববার রাতে এসিড-সন্ত্রাসের শিকার হন। তাঁর স্বামী চাঁপাইনবাবগঞ্জের কালীগঞ্জ গ্রামের শহিদুল ইসলাম রোববার রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে এসিড ছুড়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রথম আলোয় গতকাল একটি প্রতিবেদন ছাপা হয়।এ ব্যাপারে শামীমার বাবা মকছেদুল ইসলাম পত্নীতলা থানায় শহিদুলের বিরুদ্ধে এসিড নিয়ন্ত্রণ আইনের ৫ ধারায় একটি মামলা করেছেন। কিন্তু পত্নীতলা থানার পুলিশ গতকাল দুপুর পর্যন্ত শহিদুলকে গ্রেপ্তার করতে পারেনি।