স্বামীকে তালাক না দিয়ে ফের বিয়ে, নারীর দণ্ড
প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করায় চাঁপাইনবাবগঞ্জে নাহিদা আকতার (২২) নামের এক নারীকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ওই নারীকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিচারিক হাকিম শরিফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাহিদা আকতার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আবদুস সালামের মেয়ে।
বাদীপক্ষের আইনজীবী মইনুল ইসলাম বলেন, ২০১২ সালের ২৮ আগস্ট নাহিদার সঙ্গে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর গ্রামের আবদুল লতিফের ছেলে সেনা সদস্য আবদুস সাত্তারের বিয়ে হয়। তাঁদের রেজওয়ান নামের চার বছর বয়সের একটি ছেলে রয়েছে। বিয়ের কিছুদিন পর সাত্তার শান্তিরক্ষা মিশনে বিদেশে চলে যান। পরে ২০১৫ সালের ১৬ নভেম্বর শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা দালালপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে মোশারফ হোসেনকে বিয়ে করেন নাহিদা। এ ঘটনায় প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলা করেন নাহিদার প্রথম স্বামী সাত্তার। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালতের বিচারক নাহিদা আকতারকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ডাদেশ দেন।