স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি না দেওয়ায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি না দেওয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ বিলকিছ খাতুন (৩০)। বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর গ্রামে গত শুক্রবার বিকেলে এই নির্যাতনের ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন বিলকিছ খাতুন জানান, তাঁর স্বামী গোলাম রব্বানী দ্বিতীয় বিয়ে করতে চান। তিনি এ বিয়ের অনুমতি না দেওয়ায় নানা কারণে স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাঁকে মারধর করতেন। শুক্রবার বিকেলে শাশুড়ি তাঁকে মারধর করার সময় লাঠি দিয়ে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।
গোলাম রব্বানী দাবি করেন, তাঁর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। তবে শুক্রবার বিকেলে তিনি যখন বাড়িতে ছিলেন না, তখন সংসারের কাজ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর মা গোলাপী খাতুন বিলকিছকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন।
বিলকিছ খাতুনের বাবা উপজেলার সাতারা গ্রামের শুকুর আলী বলেন, প্রায় ১৪ বছর আগে গোলাম রব্বানীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি ছেলে রয়েছে। তার পরও স্বামীর সংসারে তাঁর মেয়েকে নির্যাতনের শিকার হতে হচ্ছে।
রাজাপুর গ্রামের মাতবর নূরুল হক বলেন, বিলকিছকে নির্যাতন করা নিয়ে গ্রামে কমপক্ষে ১৫টি সালিস হয়েছে। প্রতিটি সালিসে রব্বানীর পরিবারকে শাসিয়ে দেওয়া হয়েছে।