নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর রাবারড্যামে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামী রাজু আহম্মেদকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম করেছে উত্ত্যক্তকারী জিহাদ ও তার সন্ত্রাসী বাহিনী। বর্তমানে রাজু গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত রাজু জানান, প্রতিবেশী কছিমের ছেলে জেহাদ দীর্ঘ দিন ধরে তাঁর স্ত্রীকে উত্যক্ত করত। এ নিয়ে ১৫ দিন আগে এলাকায় সালিস বৈঠকও হয়। বৈঠকে ক্ষমা চেয়ে জেহাদ রক্ষা পায়। এ ঘটনার পর থেকে জেহাদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।গত মঙ্গলবার রাজু দুর্গাপুরে মাছ ধরতে গেলে বাড়ি ফেরার পথে রাত আটটার দিকে সুযোগ বুঝে জেহাদের নেতৃত্বে সাদেক, ফারুকসহ আট-নয়জনের একটি দল রাবারড্যামে রাজুকে একা পেয়ে দা, লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা রাজুকে ফেলে চলে যায়।এলাকাবাসী জানান, জেহাদ এলাকার সন্ত্রাসী। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবলুর রহমান একই তথ্য জানান।তবে অভিযুক্ত জেহাদের ফুফাতো ভাই ফারুক বলেন, একটি ঘটনা নিয়ে রাজু জেহাদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ায় তাকে চর-থাপড় মারা হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, এখন পর্যন্ত (বেলা দুইটা) কেউ মামলা করতে আসেনি।