স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্প্রতিবন্ধী একটি শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে মোসলেউদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশে সোপর্দ করেছেন তাঁর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মোসলেউদ্দিন নামের ওই ব্যক্তি বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির একটি বাক্প্রতিবন্ধী শিশুকে নিজের ঘরে ডেকে এনে ধর্ষণ করেন। টের পেয়ে মোসলেউদ্দিনের স্ত্রী প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে মোসলেউদ্দিনকে ঘরের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে মোসলেউদ্দিনকে গ্রেপ্তার করে। মোসলেউদ্দিনের স্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী কৌশলে আমাকে ঘর থেকে বের করে দিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে। এর আগেও সে প্রতিবেশী দুটি মেয়েকে ধর্ষণ করেছিল। পরে গ্রাম্য সালিসে তার বিচার হয়। এ ধরনের অন্যায় মেনে নিতে না পেরে আমি তাকে আটক করে সবাইকে খবর দিয়েছি।’ নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ানউদ্দিন বলেন, ‘ধর্ষণের অভিযোগে মোসলেউদ্দিনের বিরুদ্ধে আরও কয়েকবার সালিস বৈঠক হয়েছে। তাঁর বিচারের দাবিতে এলাকাবাসী দুই দিন ধরে বিক্ষোভ করছেন।’ সোনারগাঁ থানার এসআই বেলায়েত হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা মোসলেউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি জানান, শনিবার (আজ) ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হবে। পুলিশ জানায়, মোসলেউদ্দিনকে গতকাল আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত কাল রোববার শুনানির দিন ধার্য করেন।