সিলেটে আজ আদিবাসী সংগঠনগুলোর মানববন্ধন
স্বামীকে বেঁধে পুকুরে নিক্ষেপ করে আদিবাসী গৃহবধূ ধর্ষণ!
রাত প্রায় আটটা। আদিবাসী দম্পতির ঘরে ঢুকে পরিচিত একদল লোক। কোনো কিছু না বলেই তারা স্বামীর হাত-পা-মুখ বেঁধে বাড়ির সামনে পুকুরে নিক্ষেপ করে। একজন ঘরে থাকা স্ত্রীকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ফলবাগান থেকে চাকরি হারানোর আক্রোশে আদিবাসী দম্পতি তাড়াতে একদল লোক এ ঘটনা ঘটায়।গত শনিবার রাতে সিলেটের খাদিমপাড়ায় আদিবাসী অধ্যুষিত এলাকা দলইপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই প্রতিবেশীরা উদ্ধার করে স্বামী-স্ত্রী দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর আদিবাসী গৃহবধূকে ধর্ষণের আলামত পাওয়ায় গত রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। ওসিসির সমন্বয়কারী মো. ফখরুল ইসলাম জানান, চিকিৎসা প্রতিবেদনে আদিবাসী গৃহবধূ ধর্ষণের আলামত পাওয়ায় সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় সোমবার মামলা হয়। আদিবাসী গৃহবধূ বাদী হয়ে দায়ের করা মামলায় দলইপাড়া পার্শ্ববর্তী মোকামেরগুল গ্রামের চিকন আলী (৪০), ইউসুফ আলী (৩৫), ফয়জুর রহমানসহ (৩০) অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে। মামলা করার পর গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিযুক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার সিলেটে আদিবাসী বিভিন্ন সংগঠন একতাবদ্ধ হয়ে মানববন্ধন করবে। পরিবার সূত্র জানায়, খ্রিষ্টান ধর্মাবলম্বী আদিবাসী ওই নারীর বিয়ে হয়েছিল প্রায় চার মাস আগে। বিয়ের পর তিনি দলইপাড়ার একটি টিলায় ফলবাগানের মালিক নির্মাণ করে দেওয়া বসতঘরে স্বামীকে নিয়ে বসবাস করতেন। ওই বাগানে তত্ত্বাবধায়কের পদে চিকন আলী চাকরি করতেন। বাগানের মালিক চুরির অভিযোগে চিকন আলীকে চাকরিচ্যুত করে আদিবাসী ওই দম্পতিকে সেখানে থাকতে দেন।পরিবারের সদস্যদের ধারণা—ওই আক্রোশ থেকে চিকন আলী দলবলসহ এ ঘটনা ঘটিয়েছে। শাহপরান থানা সূত্র জানায়, ওসিসির প্রতিবেদনসংবলিত অভিযোগ গত সোমবার থানায় দেওয়া হলে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার জানান, ঘটনার রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ওই দিন ধর্ষণ ঘটনাটি প্রকাশ না পাওয়ায় পুলিশ তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি। মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চালিয়েছে।