স্বামীকে হত্যার দায়ে নারীর যাবজ্জীবন
স্বামীকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলম মাহমুদ ফায়জুল কবীর গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম সোহেলী আক্তার (৩০)। তিনি জেলার সিঙ্গাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোহেলীর সঙ্গে তাঁর গ্রামের সেন্টু মিয়ার (৩৫) সম্পর্ক ছিল। তবে গোবিন্দপুর গ্রামের হাসেম আলীর ছেলে সাধু মিয়ার সঙ্গে সোহেলীর বিয়ে হয়। এরপরও সোহেলী সেন্টুর সঙ্গে সম্পর্ক চালিয়ে যান। এ নিয়ে সাধু ও সোহেলীর মধ্যে কলহ হয়। এর জের ধরে ২০০২ সালের ৬ এপ্রিল রাতে তরল কীটনাশক মেশানো শরবত পান করিয়ে সাধুকে হত্যা করেন সোহেলী।
এ ঘটনায় সোহেলী ও সেন্টুকে আসামি করে সাধুর বাবা একটি মামলা করেন। আদালতে পরের বছর ২৯ অক্টোবর অভিযোগ গঠন করা হয়। এ মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য নেন। গতকাল রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় সোহেলী আদালতে উপস্থিত ছিলেন। তবে সেন্টুকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।