স্বামীকে হত্যার দায়ে ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে স্বামীকে হত্যার দায়ে সুফিয়া বেগম নামের এক নারীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর হাকিম রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, রংপুর নগরের মাহিগঞ্জের আহসানুল হক দীর্ঘ দিন বিদেশে ছিলেন। দেশে ফেরার পর বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে প্রায়ই স্ত্রী সুফিয়ার সঙ্গে তাঁর ঝগড়াবিবাদ লেগে থাকত। এরই জের ধরে ২০১০ সালের ৪ এপ্রিল নিজ বাড়িতে আহসানুল হককে (৫০) চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে গলায় ছুরি চালিয়ে হত্যা করেন সুফিয়া বেগম (৪৫)। এরপর ঘরে লাশ রেখে দেন। দুই দিন পর ৬ এপ্রিল স্বামীর লাশ দুই টুকরো করে বস্তায় ভরে ব্যাটারিচালিত অটোরিকশায় অন্যত্র নিয়ে যাওয়ার সময় নগরের পরশুরামের জলছত্র এলাকায় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় ওই দিনই (৬ এপ্রিল) নিহত আহসানুলের হকের বড় ভাই আসাদুল হক বাদী হয়ে সুফিয়া বেগম ও ওষুধের দোকানদার হুমায়ুন কবীরকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক নূরে আলম। তিনি ওই বছরের ৮ ডিসেম্বর দুই আসামির নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন।

আটকের পর সুফিয়া বেগম ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে তিনি জামিনে বের হন। এরপর থেকে তিনি পলাতক। তবে আদালত আজ হুমায়ুনকে বেকসুর খালাস দেন।