স্বামীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্বামীকে হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন গতকাল মঙ্গলবার এ রায় দেন।
সাজা পাওয়া গৃহবধূর নাম আছমা আক্তার (১৯)। তিনি রামেরকুড়া গ্রামের সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়ার দ্বিতীয় স্ত্রী। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ছয় মাসের জেল দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ইমাম হোসেন জানান, সৈয়দুর রহমান ২০১৪ সালের ২৯ জুলাই রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী আছমা আক্তার তাঁকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে প্রতিবেশীরা আছমাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় নিহত ব্যক্তির প্রথম স্ত্রীর ছেলে হারুন রশিদ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর আছমাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। বিচারিক প্রক্রিয়া শেষে গতকাল আসামির উপস্থিতিতে আদালত দণ্ড ঘোষণা করেন।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আবুজর গাফ্ফারি।