স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। যশোরের চৌগাছা উপজেলার আজমতপুর গ্রামের আবদুর রাজ্জাক হত্যা মামলায় গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ রায় দেন। একই সঙ্গে তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে আদায়েরও আদেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের শিকার আবদুর রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুন (৪০) ও চাচাতো ভগ্নিপতি আবদুল আলিম। তাঁদের বাড়ি আজমতপুর গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ রাত সাড়ে আটটার দিকে আবদুর রাজ্জাক বাড়ির পাশের পানের বরজে পাহারা দিতে যান। সকালে পানের বরজের পাশ থেকে রাজ্জাকের গলায় গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রাজ্জাকের ভাই মিন্টু বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজ্জাকের স্ত্রী শাবানাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। শাবানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে আবদুল আলিম জড়িত ছিলেন বলেও শাবানা স্বীকার করেন। গতকাল আদালত শাবানা ও আলিমের বিরুদ্ধে ওই রায় দেন। তাঁরা কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবু সেলিম বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শাবানার সঙ্গে আবদুল আলিমের প্রেম ছিল। সেই সূত্র ধরে পারিবারিক অশান্তি হতো। একপর্যায়ে শাবানা ও আলিম রাতে মুখে গামছা গুঁজে রাজ্জাককে শ্বাসরোধে হত্যা করেন। শাবানার অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে এই মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। জরিমানার টাকা ওই ছেলেকে দেওয়া হবে বলে আদালত আদেশ দিয়েছেন।