স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মৎস্যজীবী স্বরুপ আলী মৃধাকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর কথিত বন্ধুকে মৃত্যুদণ্ড এবং আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহা. রাকিবুল ইসলাম এই রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামের মমতাজ বেগম ও কালাম হাওলাদার। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির রাজীব রাঢ়ীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রফিকুল ইসলাম বলেন, ২০১৫ সালের ১২ মার্চ রাতে বরিশাল সদর উপজেলার দক্ষিণ টুমচর গ্রামে স্বরুপ আলী মৃধাকে (৪৫) ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরে লাশ বাড়ি পাশের খালের পাড়ে ফেলে রাখা হয়। পরে পুলিশ খবর পেলে ওই রাতেই লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বরুপ আলীর ভাই আশ্রাব আলী মৃধা বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপরিদর্শক (এসআই) হেমায়েত কবির এই তিনজনকে আসামি করে ওই বছরের ২৬ মে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় দেন।