স্বামীকে হারিয়ে অকূল পাথারে আয়াতুন্নেছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুক্রবার রাত নয়টায় শাহীনের বাপের লগে শেষ কথা হয়। তিনি বলেন, জুন মাসের ২ তারিখের মধ্যে মেয়ের বিয়ের জন্য টাকা পাঠাবেন। এর আগেই আল্লাহ তাঁরে নিয়ে গেল। পাঁচ মাইয়া আর এক পুতেরে নিয়ে আমি এখন কীভাবে বাঁচব? কীভাবে ধারকর্জ শোধ করব।’ বাহরাইনের পূর্ব রিফা এলাকায় গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডের সময় দম বন্ধ হয়ে মারা যাওয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কলমিয়া গ্রামের মো. হানিফের স্ত্রী আয়াতুন্নেছা এভাবেই বিলাপ করছিলেন। স্বজন ও প্রতিবেশীদের কোনো সান্ত্বনাই তাঁকে থামাতে পারছিল না। ওই দুর্ঘটনায় হানিফসহ বাংলাদেশি ১০ জন শ্রমিক মারা গেছেন। তাঁদের নয়জনই কুমিল্লার। আয়াতুন্নেছা দাবি করেন, বাহরাইনে ওই দুর্ঘটনায় তাঁর আপন ভাই খোরশেদ আলম ও বড় মেয়ের জামাতা মনির হোসেনও মারা গেছেন। গতকাল দুপুরে কলমিয়া গ্রামে গেলে হানিফের ভাই মাইক্রোবাসের চালক নুরুল ইসলাম জানান, হানিফ বাড়িতে থাকাকালে রিকশা চালাতেন। স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলে ও বাবা-মাকে নিয়ে রিকশাচালক হানিফের সংসার চলছিল না। ধারকর্জ করে ১০ বছর আগে তিনি বাহরাইন যান। বাহরাইন গেলেও পরিবারের দৈন্যদশা ঘোচাতে পারেননি। তাই একবারের জন্যও দেশে আসেননি। ইতিমধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে। আরেক মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। আয়াতুন্নেছা বলেন, ‘বড় মেয়ে শাহীনের ঘরে এক ছেলে, এক মেয়ে রয়েছে। আড়াই বছর আগে মেয়েজামাই বিদেশ যান। তাঁকেও ঋণ করে এক লাখ টাকা দিয়েছি। এখন ঋণের বোঝা টানবে কে?’ বহারাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন সদর দক্ষিণ উপজেলার ভুশ্চি গ্রামের সিদ্দিকুর রহমান। তাঁর বাড়িতে গিয়ে দেখা গেছে, সিদ্দিকুরের মা মরিয়ম বেগম মেঝেতে গড়াগড়ি করে বিলাপ করছেন। আত্মীয়স্বজনেরা কোনোভাবেই তাঁকে থামাতে পারছেন না। সিদ্দিকুরের বাবা আনোয়ার উল্লাহ পাগলপ্রায়। আত্মীয়রা জানান, সিদ্দিক সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। সর্বশেষ গত শুক্রবার মা-বাবাার সঙ্গে মুঠোফোনে সিদ্দিকুরের কথা হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহান গতকাল রোববার বিকেলে কলমিয়া ও ভুশ্চি গ্রামে যান। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।