স্বামীদের দণ্ড, মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীদের কৃতিত্বে খুশি হয়ে স্ত্রীরা লোকজনকে মিষ্টিমুখ করান—এমন ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু স্বামীর জেল-জরিমানার খবরে স্ত্রী খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছেন এমন ঘটনা সচরাচর ঘটে না। জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত ১১ জনকে সাত দিনের কারাদণ্ড দেন। খুশি হয়ে তাঁদের স্ত্রীরা মিষ্টি বিতরণ করেছেন। জয়পুরহাটের আক্কেলপুরে গতকাল বুধবার এ মিষ্টি বিতরণের ঘটনা ঘটে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভিকনী, আলী মাহমুদপুর ও সু-সৃষ্টি গ্রামের দরিদ্র শ্রমজীবী মানুষ ভিকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে বসে নিয়মিত জুয়া খেলতেন। তাঁরা জুয়ার টাকা জোগাড় করতে বাড়ির হাঁস-মুরগি ও মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিতেন। বাড়িতে স্বামীদের অত্যাচারে স্ত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন। জুয়া খেলার প্রতিবাদ করলেই স্বামীদের হাতে নির্যাতিত হতে হতো তাঁদের। ভুক্তভোগী স্ত্রীরা ঘটনাটি পুলিশকে জানান। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে টাকাসহ গ্রেপ্তার করে। তাঁরা হলেন—মোক্তার হোসেন, আবদুর রহমান, মিজারুল হক, সিদ্দিক হোসেন, রেজাউল করিম, মোকছেদ আলী, আবদুস ছালাম, দুলাল হোসেন, রফিকুল ইসলাম, আজিজার রহমান ও আশরাফ আলী। রাত আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তাঁদের হাজির করা হয়। আসামিরা আদালতের কাছে জুয়া খেলার কথা অকপটে স্বীকার করেন। বিচারিক হাকিম এস এ এম রফিকুন্নবী আসামিদের সাত দিনের কারাদণ্ড দেন। গতকাল আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আবদুস ছালামের স্ত্রী জোসনা বেগম বলেন, ‘স্বামী দিনমজুর করে। সে সারা দিনের রোজগারের টাকায় জুয়া খেলে। এ কারণে সংসারে খরচ বহন করতে পারে না। জুয়ার টাকা জোগাড় করতে গোপনে সংসারের জিনিসও বিক্রি করেছে সে।’ মুক্তার হোসেনের স্ত্রী দুলালী বলেন, ‘জুয়া খেলা বন্ধ করতে গ্রামের অনেকের কাছে ধরনা দিয়েছি। কিন্তু কেউ বন্ধ করতে পারেনি। জুয়া খেলার অপরাধে তাঁর (স্বামীর) কারাদণ্ড হওয়ায় মিষ্টি বিতরণ করেছি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।