স্বামীদের সমর্থনে স্ত্রীরা প্রার্থী!
স্বামীদের বিরুদ্ধে নয়, তাঁদের সমর্থনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রাজশাহীর বাগমারার সাত গৃহবধূ। তাঁরা নিজের জন্য ভোট না চেয়ে স্বামীদের পক্ষে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন।বাগমারার ১৬টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে এবার ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আটজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের একজন সরাসরি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। অপর সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন স্বামীদের সমর্থনে। স্বামীরা নির্বাচন থেকে কোনো কারণে ছিটকে পড়লে তাঁরা নির্বাচন করবেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মাড়িয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিমের সমর্থনে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁর স্ত্রী নাসিমা বেগম, আকবর আলীর সমর্থনে তাঁর স্ত্রী সুবেদা বিবি ও ইসমাইল হোসেনের সমর্থনে তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা; নরদাশ ইউপিতে আবদুর রশিদের সর্মথনে স্ত্রী শাহানার খাতুন; হামিরকুৎসায় মামনুর রশিদের সমর্থনে স্ত্রী হাসিনা বেগম এবং বড়বিহানালীতে রফিকুল ইসলামের সমর্থনে হাসিনা ইসলাম। এ ছাড়া বাসুপাড়ায় নিজেই নির্বাচন করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন নাসিমা আখতার। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সব স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা। মাড়িয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আকবর আলী জানান, নির্বাচনে প্রতিপক্ষ হওয়ার জন্য নয়, তাঁর সমর্থনে স্ত্রী সুবেদা বিবি প্রার্থী হয়েছেন। এখন সুবেদা বিবি তাঁর পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। স্ত্রী সুবেদা বিবিও স্বামীর বক্তব্যকে সমর্থন করেন। তিনি জানান, কোনো কারণে স্বামীর মনোনয়নপত্র বাতিল হলে সে ক্ষেত্রে তিনি নির্বাচন করবেন।বড়বিহানালীর বর্তমান চেয়ারম্যান ও এবারের নির্বাচনের প্রার্থী রফিকুল ইসলাম জানান, গত কয়েকটি নির্বাচন থেকে স্ত্রী হাসিনা ইসলাম মনোনয়নপত্র তুলছেন। তাঁর নিজের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর স্ত্রীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। বাগমারায় আগামী ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৪ ও ১৮ জুন ১৬ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।