স্বামীবাগে জমি নিয়ে সংঘর্ষ আনসারের গুলিতে আহত ২
পুরান ঢাকার স্বামীবাগে একটি বিরোধপূর্ণ বাড়ির নতুন তোলা সীমানাপ্রাচীর ভাঙা নিয়ে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে আনসারের গুলিতে দুজন আহত হয়েছেন।গতকাল শুক্রবার সকালের এ ঘটনায় গুরুতর আহত কুলসুম বেগম ওরফে সূচনা (৪০) ও তাঁর ভাগ্নে রিপন মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।একটি ডেভেলপার কোম্পানি বাড়িটির একটি অংশে নির্মাণকাজ শুরু করে, সেখানে আনসার মোতায়েন করেছিল। পুলিশ বলেছে, এ জন্য বিধি অনুযায়ী তাদের অনাপত্তি নেওয়া হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে মিতালী স্কুল রোডের ৫৭/এ নম্বর বাড়ির একাংশ ঘিরে তোলা সীমানাপ্রাচীর ভাঙা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে প্রহরারত আনসার সদস্যদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনসাররা প্রতিবেশী এক যুবককে আটকে রাখে। এলাকাবাসী তাঁকে ছাড়িয়ে আনতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে ক্রমে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে আনসার সদস্যরা এলাকাবাসীর ওপর গুলি চালান। এতে বাড়ির অন্য অংশে ভাড়া থাকা কুলসুম বেগম ও তাঁর ভাগ্নে রিপন আহত হন। গুলি রিপনের পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে। কুলসুম আক্তারের ডান হাতের কবজিতে গুলি লাগে। চিকিত্সকেরা বলেছেন, রিপনের অবস্থা আশঙ্কাজনক।সূত্রাপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। র্যাব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পৌনে দুই বিঘা জমির মালিকানা নিয়ে স্থানীয় আসিফ চৌধুরী ও বিনা হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই জমির বেশির ভাগ আসিফ চৌধুরীর এবং বাকি অংশ বিনা হোসেনের দখলে রয়েছে। আসিফ চৌধুরী সম্প্রতি ওই জমি রূপায়ণ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়েছেন। গত বৃহস্পতিবার রূপায়ণ কর্তৃপক্ষ বাড়ির একটি অংশে ক্যাম্প করে আনসার দিয়ে পাহারা বসায়। ওই দিনই তাঁরা নতুন একটি সীমানাপ্রাচীরের কাজও শুরু করে। বিনা হোসেনের দখলে থাকা জমিতে আগে থেকেই ঘর তুলে ভাড়া দেওয়া ছিল। গতকাল সকালে আনসার সদস্যরা ডেভেলপারের তোলা সীমানা দেয়াল ভাঙা দেখেন। তাঁরা বিনা হোসেনের ভাড়াটেদের সন্দেহ করে তর্কে জড়িয়ে পড়েন। এ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।আনসার সদস্যদের দাবি, এলাকাবাসী তাঁদের ওপর হামলা চালালে তাঁরা গুলি ছুড়তে বাধ্য হন। তবে এলাকাবাসী বলেছে, আনসার সদস্যরা বিক্ষুব্ধ লোকজনকে দমাতে গুলি চালান।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনসার সদস্যরা বাড়িটিতে পুলিশের অনুমতি না নিয়েই আছেন। কীভাবে তা সম্ভব হয়েছে সেটি তাঁরা খতিয়ে দেখছেন। ওসি জানান, আসিফের দাবি, তিনি চাচার আমমোক্তারনামার বলে এই বাড়ির মালিক। আর বিনা হোসেনের দাবি, তিনি পৈতৃক সূত্রে ওই বাড়ির মালিক। বিনা হোসেন পুলিশকে অভিযোগ করেছেন, তাঁর লোকজন আদালতের নিষেধাজ্ঞার বলে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে আনসাররা গুলি চালিয়েছে। ওসি বলেন, বিরোধপূর্ণ এই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন। শুক্রবারের ঘটনায় মামলা হওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।