স্বামীর অত্যাচারে অতিষ্ঠ, গায়ে আগুন দিয়ে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত স্বামীর অত্যাচার সইতে না পেরে নিজ শরীরে দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ আসমা আক্তার (২৮) আট দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ১৩ এপ্রিল তুরাগের কামারপাড়ার বাসায় আসমা তাঁর শরীরে আগুন দিয়েছিলেন।
আসমার স্বজনেরা এই মৃত্যুর জন্য আসমার স্বামী মাদকাসক্ত মামুন সরকারকে দায়ী করেছেন। আসমার ভাই মনির হোসেন অভিযোগ করেন, মামুনই আসমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন।
পুলিশ ও গৃহবূধর স্বজনেরা জানান, মাদকাসক্ত মামুনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ১৩ এপ্রিল আসমা কামারপাড়ার তাঁর স্বামীর বাসায় গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করার পর গতকাল বিকেল চারটার দিকে তিনি মারা যান। আগুনে আসমার শরীরের ৫২ শতাংশ পুড়ে যায়। আসমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আসমার স্বজনেরা বলেন, ১৪ বছর আগে আসমার বিয়ে হয়। বিয়ের পর মামুন গাড়ি চালাতেন। কিছুদিন না যেতেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং গাড়ি চালানো ছেড়ে দেন। এরপর মাদক কেনার টাকার জন্য আসমাকে মারধর করতেন।