স্বামীর অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামে গত বুধবার সন্ধ্যায় জাহানারা বেগম (৩০) নামের একজন গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। পৈতৃক সম্পত্তি বিক্রির টাকার জন্য স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই জাহানারা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্বামী সুলতু মিয়াকে (৪৫) আসামি করে ধরমপাশা থানায় মামলা করেন গৃহবধূর ভাই।গৃহবধূর পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ১২-১৩ বছর আগে ধরমপাশা সদর ইউনিয়নের আবুয়ারচর গ্রামের সুলতু মিয়ার সঙ্গে জাহানারার বিয়ে হয়। এর আগে জাহানারার আরেকটি বিয়ে হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেনে নেয়নি। ফলে জাহানারা বাবার বাড়িতেই থাকতেন। স্বামী সুলতু মিয়া মাঝেমধ্যে এখানে আসতেন।সুলতু মিয়া ঠিকমতো ভরণপোষণ না দেওয়ায় অভাবে পড়ে গত বুধবার জাহানারা তাঁর পৈতৃক সম্পত্তির ০.১৬ শতাংশ জমি ৫০ হাজার টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করেন। সাবরেজিস্ট্রারের কার্যালয় থেকে ফেরার পর থেকেই সুলতু মিয়া ওই টাকার জন্য জাহানারাকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন সুলতু মিয়া। বাড়িতে ফিরে জাহানারা বিষপান করেন। জাহানারার চিৎকারে মেয়ে বাসনা (১১) পাশের ঘর থেকে ছুটে এসে মাকে মাটিতে পড়ে গড়াগড়ি করতে দেখে। মেয়ের চিৎকারেই আশপাশের লোকজন গৃহবধূকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানেই তাঁর মৃত্যু হয়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, কীটনাশক পান করায় জাহানারার মৃত্যু হয়েছে।গৃহবধূর বড় ভাই জিলু মিয়া বলেন, ‘সামান্য কয়টা টেহার লাইগ্যা সুলতু আমার বোনডারে দুনিয়া থাইক্যা বিদায় কইর‌্যা দিছে। ওর জ্বালায় আমার বোনডা বিষ খাইছে।’ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সুলতু মিয়াকে আসামি করে মামলা করেছেন মৃতের বড় ভাই। আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।