স্বামীর অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূর আত্মহত্যা!
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের এক গৃহবধূ গত মঙ্গলবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় স্বামী আবদুল আজিজের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রায়পুর থানায় মামলা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, সোনাপুর গ্রামের ফাহিমা বেগমের সঙ্গে প্রায় ১৫ বছর আগে একই গ্রামের আবদুল আজিজের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আজিজ বিদেশে পাড়ি জমান। ২০-২২ দিন আগে আজিজ বিদেশ থেকে আসেন। এরপর থেকে স্ত্রীর প্রতি পরকীয়ার অভিযোগ এনে আজিজ বারবার তাঁকে সন্দেহ করতেন। গত মঙ্গলবার রাতে ফাহিমার মোবাইল ফোনে একটি মিসড কল আসাকে কেন্দ্র করে আজিজ তাঁকে অপমান ও মারধর করেন। এতে অভিমান করে ছেলেমেয়েদের সামনে গায়ে কেরোসিন ঢেলে তিনি আত্মহত্যা করেন। ফাহিমার মেয়ে আরজু আক্তার (১৪) ও ছেলে সিপন হোসেন (১১) জানায়, ‘বিভিন্ন অজুহাতে বাবা প্রায়ই মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। রাতে ঝগড়ার একপর্যায়ে মা গায়ে কেরোসিন তেল ঢেলে আমাদের সামনে আগুন ধরিয়ে দেন।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ফাহিমার মা মাহমুদা বেগম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আজিজকে আসামি করে থানায় মামলা করেছেন।