স্বামীর অত্যাচারে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন সারজিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে গৃহবধূ সারজিনা আক্তার তাঁর ১৪ মাস বয়সী মেয়ে আনিফাকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। পুলিশ ও সারজিনার পরিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।গত শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থানার নর্দায় শহীদ হারেস সড়কের ভাড়া বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সারজিনার লাশ উদ্ধার করা হয়। মেঝে থেকে উদ্ধার করা হয় তাঁর ১৪ মাস বয়সী মেয়ে আনিফার গলাকাটা লাশ। ঘটনার সময় আনিসুর রহমান বাসায় ছিলেন না।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সারজিনার ভাই সাবাস্তি খান বাদী হয়ে মামলা করেছেন। এতে সারজিনার স্বামী আনিসুর রহমানকে আসামি করা হয়েছে। আনিসুর রহমান পলাতক। তাঁকে গ্রেপ্তার করা গেলে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।ওসি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে সারজিনা তাঁর শিশুকন্যার গলা কেটে হত্যা করেন। এরপর তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার চার-পাঁচ দিন আগে থেকেই আনিসুর ওই বাসায় ছিলেন না।সারজিনার বাবা শফিকুল ইসলাম বলেন, সাড়ে তিন বছর আগে মিথ্যা প্রলোভন দিয়ে তাঁর মেয়েকে বিয়ে করেন আনিসুর। বিয়ের এক বছরের মাথায় কোনো কারণ ছাড়াই সারজিনার ওপর অমানুষিক নির্যাতন শুরু করেন আনিসুর। তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিতেন। বিদেশে লোক না পাঠিয়ে টাকা আত্মসাৎ করে প্রতারণা করে আসছিলেন। সারজিনা এসব জানার পর আনিস পালিয়ে থাকতেন। আর পাওনাদারেরা বাসায় এসে আনিসকে না পেয়ে টাকার জন্য সারজিনার সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে অপমান করতেন।সারজিনার মা তোতা বেগম বলেন, আনিস এত বড় প্রতারক ও নিষ্ঠুর, তা ভাবাও যায় না। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর মেয়ে ও নাতনিকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো।সারজিনার বোন মৌসুমী আক্তার জানান, আনিসুর উচ্চমাধ্যমিক পাস হলেও তিনি তাঁর ছোট ভাইয়ের এমএ পাসের সার্টিফিকেট দেখিয়ে বনানীর একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছিলেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে তাঁর চাকরি চলে যায়। সারজিনা এমএ পাস ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিন্তু বিয়ের পর ওই চাকরি তিনি ছেড়ে দেন স্বামী ও সংসারের জন্য।