স্বামীর আত্মসমর্পণ
সাতক্ষীরার তালা উপজেলায় ডলি বেগম নামের এক গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্বামী আবদুল্লাহ মোড়ল গতকাল মঙ্গলবার থানায় আত্মসমর্পণ করেছেন।পুলিশ জানায়, প্রায় এক বছর আগে একই উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের আবদুল্লাহ মোড়লের সঙ্গে কানাইদিয়া গ্রামের ডলি বেগমের বিয়ে হয়। এর প্রায় তিন মাস পর ৫০ হাজার যৌতুকের দাবিতে ডলির ওপর আবদুল্লাহ ও তাঁর বাড়ির লোকজন নির্যাতন শুরু করেন। ডলি ও তাঁর বাবার বাড়ির লোকজনের দাবি, এক সপ্তাহ আগে আবদুল্লাহ ব্যবসা করবেন বলে ৫০ হাজার টাকা চান। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ডলির পরিণতি খারাপ হবে বলে হুমকি দিয়ে চলে যান তিনি। এরপর গত শনিবার রাতে আবারও ডলির বাবার বাড়ি এসে ডাকাডাকি শুরু করেন আবদুল্লাহ। একপর্যায়ে ডলি ঘর থেকে বের হয়ে স্বামীর হাতে দা দেখতে পান। পরে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ডলিকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন।