‘আমার স্বামীর একটা খবর যেন পাই’। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে এমন আকুতি জানালেন রীনা আলম। তাঁর স্বামী পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর যুবদল উত্তর-এর যুগ্ম সহসম্পাদক নূর আলম (৪০) ১৪ দিন ধরে নিখোঁজ। গাজীপুরে ভাইয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁকে ধরে নিয়ে যায় একদল অস্ত্রধারী।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নূর আলমের পরিবারের সদস্যরা সাংবাদিকদের সামনে তাঁদের আকুতি তুলে ধরেন। তাঁরা নূর আলমকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
রীনা আলম বলেন, ৫ জানুয়ারির পর থেকে নূর আলমের বিরুদ্ধে সাত-আটটি ‘রাজনৈতিক’ মামলা হয়। গ্রেপ্তার এড়াতে গাজীপুরে বড় ভাইয়ের বাসায় অবস্থান করছিলেন নূর আলম। গত ১২ ফেব্রুয়ারি রাত পৌনে একটায় সাদা পোশাকের অস্ত্রধারীরা বাড়ির প্রাচীর টপকে ঘরের ভেতর একটি বাক্সের মতো যন্ত্র নিয়ে প্রবেশ করে। সে সময় তারা বাড়ির সবার মোবাইল ফোন তাদের কাছে নিয়ে নেয়। পরে তারা নূর আলমকে মাইক্রোবাসে তুলে নেয়। তাঁকে কোথায় নেওয়া হচ্ছে জিজ্ঞেস করলে তারা বলে, ‘লোকাল থানায় খোঁজ নেন’। কিন্তু এর পর থেকে আর কোনো খোঁজ নেই নূর আলমের। এ বিষয়ে জয়দেবপুর থানায় অপহরণ মামলা করা হয়েছে।
জানতে চাইলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, নূর আলম জয়দেবপুর থেকে নিখোঁজ হয়েছেন এ রকম কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নূর আলমের ছোট ছেলে রাহুল আলম, পুত্রবধূ সাথী আক্তার, পল্লবী থানার যুবদলের প্রচার সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।
ব্যাবসায়ী মাজেদুরকে উদ্ধারের দাবি: পল্টনের ব্যবসায়ী মাজেদুর রশীদকে উদ্ধারের দাবিতে গতকাল সকালে অপরাধবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী আম্বিয়া খাতুন অভিযোগ করেন, ফকিরাপুল জামে মসজিদের তহবিলকে কেন্দ্র করে স্থানীয় কিছুসংখ্যক বিএনপি ও আওয়ামী লীগ নেতা মাজেদকে অপহরণ করেছেন বলে পরিবার মনে করে। এ ঘটনায় তাঁরা পল্টন থানায় একটি অপহরণ মামলাও করেছেন।