বাড়িতে কোনো আগন্তুক দেখলে ছুটে যান ছরিমন খাতুন। স্বামীর কোনো খবর আছে কি না, জানতে চেয়ে মুখের দিকে অপলক তাকিয়ে থাকেন। পরক্ষণেই হতাশ হন। প্রায় পাঁচ বছর ধরে এভাবে স্বামীকে খুঁজে চলেছেন ছরিমন খাতুন (৪৩)।
কিন্তু স্বামী কোথায় আছেন, কেমন আছেন, সেই খবরটা কেউই ছরিমনের জন্য বয়ে আনতে পারেনি।
ছরিমনের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামে। তাঁর স্বামী আবদুল মমিন (৫০) ২০১২ সালে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন। সেই থেকে দুই শিশুসন্তানকে নিয়ে স্বামীর ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। বড় দুই মেয়েকে তাঁরা আগেই বিয়ে দিয়েছিলেন।
ছরিমন বললেন, ‘বাড়ি থেকে যাওয়ার পর চার দিন পর্যন্ত তাঁর (স্বামী) সঙ্গে কথা হয়। শেষবার বলেছিলেন, তিনি কক্সবাজার আছেন, কিছুক্ষণ পর জাহাজে উঠবেন; মালয়েশিয়া পৌঁছে তিনি ফোন করবেন। তাঁর ফোনের জন্য প্রতিদিন অপেক্ষা করি। কিন্তু তিনি আর ফোন করেন না।’
ঝিকরগাছা উপজেলার বল্লা-উলাশী সড়কের পাশে ইটের গাঁথুনির ছোট একটি ঘর ছরিমনের। ওপরে মাটির টালির ছাউনি। পাশে ছোট একটি রান্নাঘর। গত ৭ মার্চ দুপুরে এই বাড়িতে প্রবেশ করামাত্র ছুটে আসেন ছরিমন। জানতে চান, তাঁর স্বামী মমিনের কোনো খবর আছে কি না। পরক্ষণে হতাশ হয়ে পড়েন তিনি। ছরিমন বলেন, ‘বাড়িতে নতুন কেউ আসলে মনে হয়, এই বুঝি স্বামীর কোনো সংবাদ এল। ছোট দুটি ছেলেমেয়ে নিয়ে আমি সব সময় তাঁর অপেক্ষায় থাকি।’
চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে আশানুর রহমান (৭) প্রথম শ্রেণিতে ও ছোট মেয়ে বিউটি খাতুন (১০) পঞ্চম শ্রেণিতে পড়ে। ওই দিন স্কুল থেকে বাড়ি ফিরে তারা ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিল। মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের ছোট্ট মুখ দুটিও ভারী হয়ে উঠল। বিউটি খাতুন বলে, ‘আব্বুকে সব সময় মনে পড়ে। মনে হয় আব্বু বেঁচে আছেন। আবার বাড়িতে ফিরে আসবেন।’ আবদুল মমিন পেশায় কৃষক ছিলেন। পৈতৃক সূত্রে তিনি সাড়ে তিন বিঘা জমি পান। এর মধ্যে তিন বিঘা ফসলি জমি। তা চাষাবাদ করে চলত সংসার। এসব জমি বন্ধক রেখে তিনি ২ লাখ ৩০ হাজার টাকা পান। সেই টাকা দালালের হাতে দিয়ে ২০১২ সালের এপ্রিল মাসে মমিন বাড়ি থেকে মালয়েশিয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন। তাঁর অপর তিন ভাই মালয়েশিয়াপ্রবাসী। চার ভাইয়ের মধ্যে মোমিন মেজ।
ছরিমন বলেন, ‘টাকার অভাবে বন্ধক দেওয়া জমি এখনো ছাড়াতে পারিনি। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। ভাশুর, দেবর ও দুই জামাই কিছুটা সাহায্য করেন।’
দুই জামাই হলেন ছরিমনের বড় দুই মেয়ে কাজল রেখা (২৫) ও মারিফা খাতুনের (২২) স্বামীরা।
ছরিমন খাতুন বলছেন, স্বামী নিখোঁজ হওয়ার পর নানাজন নানা কথা বলে। কেউ বলে, তিনি সমুদ্রপথে যাওয়ার সময় ধরা পড়ে মিয়ানমারের কারাগারে আছেন। কেউ বলে থাইল্যান্ডের কারাগারে আছেন। তবে ছরিমনের চাওয়া একটাই: যেখানেই থাকুন, তাঁর স্বামী যেন জীবিত থাকেন। তাহলে কোনো একদিন তিনি বাড়িতে ফিরবেনই। তাঁর দৃঢ় বিশ্বাস, মমিন বেঁচে আছেন; তিনি একদিন ফিরে আসবেন।
এ ব্যাপারে ছরিমন থানা বা কোথাও কোনো অভিযোগ করেননি। কারণ, এসব তিনি বোঝেন না।
স্থানীয় নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য মালয়েশিয়াপ্রবাসী। আদম ব্যাপারীদের প্রতারণার শিকার হয়ে অনেক নিরীহ মানুষ সর্বস্বান্ত হয়েছেন। অনেকেই সমুদ্রপথে যাওয়ার সময় মারা গেছেন। তিনি বলেন, ‘আমরা কয়েকজন আদম ব্যাপারীকে ধরে ক্ষতিপূরণ আদায় করে দিয়েছি। বল্লা গ্রামের আবদুল মমিনও আদম ব্যাপারীর প্রতারণার শিকার হয়ে নিখোঁজ রয়েছেন। আমরা মমিনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।’