স্বামীর ওপর রাগ, দুই ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ
স্বামীর সঙ্গে রাগ করে দুই ছেলেকে নিয়ে যমুনেশ্বরী নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে এক ছেলেসহ তিনি মারা যান। সৌভাগ্যক্রমে বেঁচে যায় অপর ছেলে। গত রোববার রংপুরের তারাগঞ্জ উপজেলার পাটনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী ইনছেনা বেগম (২২) ও ছেলে ইনছান (৮)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে উপজেলার কাউয়াপাড়া গ্রামের আবদুর জব্বারের মেয়ে ইনছেনার সঙ্গে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের ইছাব উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। এই দম্পতির ইনছান হোসেন ও বেলাল হোসেন (৬) নামের দুই ছেলে আছে।
ঘনিরামপুর গ্রামের আফজাল হোসেন জানান, রোববার সকালে কুর্শা ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে ভিজিএফের ১০ কেজি চাল আনার কথা ছিল ইনছেনার। ওই চাল না আনায় সন্ধ্যায় ইনছেনাকে বকাবকি করে তারাগঞ্জ হাটে চলে যান রফিকুল। এ ঘটনায় রেগে গিয়ে ইনছেনা দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরদিন সকালে পাটনিপাড়া গ্রামে যমুনেশ্বরী নদীর তীরে ইনছেনা ও ইনছানের লাশ পাওয়া যায়।
বারাতি গ্রামের হাসিম উদ্দিন জানান, তিনি রাত ৭টায় যমুনেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। রাত সাড়ে ৭ টার দিকে তাঁর গ্রাম থেকে ৩০০ গজ দূরে নদীর পাটনিপাড়া গ্রাম এলাকায় তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে নদীর তীর থেকে বেলাল হোসেনকে উদ্ধার করেন। পরদিন সকালে এলাকাবাসী একই স্থান থেকে ইনছানা ও তাঁর ছেলে ইনছান হোসেনের লাশ উদ্ধার করে। রফিকুল ইসলাম বলেন, ‘আমি ইনছেনাকে ভিজিএফের চাল আনতে বলেছিলাম। কিন্তু তা আনায় তাকে আমি রাগ দেখিয়েছি। এতে সে দুই ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।’
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।